নির্বাচনের সব কার্যক্রম ডিজিটাল হচ্ছে: ইসি আলমগীর

২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:০৪  

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। প্রার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। আগামীতে এনালগ পদ্ধতি বাতিল করে প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সব কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি মো. আলমগীর বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ হবে। কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কোনো কেন্দ্রে অনিয়ম হলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে।’

নির্বাচনের পরিবেশ ও ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ঠিক আছে। প্রার্থীরা উৎসাহ নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরা যেন পরিবেশ বজায় রাখেন। ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যেন ভোট কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দেন সে আহ্বান রাখছি। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, আশা করি ভোটার উপস্থিতি যথেষ্ট ভালো থাকবে।

রবিবার দুপুরে টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি। এসময় তিনি প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএমে অনিয়ম একেবারেই অসম্ভব, এটা বিজ্ঞানের বিষয়। এতে একজনের ভোট আরেকজনের প্রতীকে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি তাই হতো তাহলে বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টিসহ অন্য প্রার্থীরা বিজয়ী হতেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।